সুবর্ণ বেগম,যবিপ্রবি প্রতিনিধি :যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) ‘যবিপ্রবি ইসলামিক নলেজ সিকার্স সোসাইটি’-এর উদ্যোগে দিনব্যাপী ‘Seerah Contest & Orientation Seminar 2026’ সফলভাবে সম্পন্ন হয়েছে।বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোহাম্মদ শরীফ হোসেন গ্যালারিতে আয়োজিত এ সেমিনারের সমাপনী পর্বে প্রধান বক্তা হিসেবে বক্তব্য প্রদান করেন বিশিষ্ট লেখক, গবেষক এবং ড্যাফোডিল সেন্টার ফর ইসলামিক স্টাডিজ-এর ডিরেক্টর প্রফেসর মোঃ মোখতার আহমাদ।সমাপনী বক্তব্যে প্রফেসর মোঃ মোখতার আহমাদ শিক্ষার্থীদের উদ্দেশ্যে মহানবী (সা.)-এর মেধা, দূরদর্শিতা ও আদর্শ জীবনের নানাদিক তুলে ধরেন। তিনি বলেন, সমসাময়িক চ্যালেঞ্জ মোকাবিলায় এবং সৎ ও আদর্শ নাগরিক হিসেবে নিজেদের গড়ে তুলতে নবীজির সীরাতের শিক্ষা অনুসরণের বিকল্প নেই।এর আগে সেশনটির প্রথম পর্বে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনামূলক আলোচনা করেন বিশিষ্ট লেখক ও গবেষক আব্দুর রহমান বিন আব্দুর রাজ্জাক, যার পরপরই শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি উন্মুক্ত প্রশ্নোত্তরের আয়োজন করা হয়।দিনব্যাপী এ আয়োজনের সকালে শিক্ষার্থীদের মধ্যে স্বতঃস্ফূর্ত ‘সীরাত প্রতিযোগিতা’ অনুষ্ঠিত হয়। পরবর্তীতে সন্ধ্যায় সংক্ষিপ্ত সাংস্কৃতিক পরিবেশনা, আলোচনা সভা, বিজয়ীদের মাঝে সম্মাননা ও পুরস্কার বিতরণী এবং দ্বিতীয় জামাতে ইশার সালাত আদায়ের মাধ্যমে সেমিনারের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে।