গোপালগঞ্জ প্রতিনিধি ফয়জুল ইসলাম লিমন : গোপালগঞ্জে পূর্ব শত্রুতার জেরে সাবেক এক ইউপি চেয়ারম্যানের ওপর সন্ত্রাসী হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তিনি ও তার সঙ্গে থাকা আরেক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। ভুক্তভোগী আলমাস হাসান মোল্লা জানান, তিনি একজন আমেরিকান প্রবাসী এবং গোপালগঞ্জ সদর উপজেলার ১৪ নং করপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান। গতকাল মঙ্গলবার রাত পৌনে নয়টার দিকে গোপালগঞ্জ শহর থেকে নিজ গ্রাম বলাকৈড়ে যাওয়ার পথে ‘খেলনা’ নামক স্থানে এ হামলার ঘটনা ঘটে।তার অভিযোগ, পূর্ব শত্রুতার জেরে তার সাবেক স্ত্রী সেলিনা আক্তারের নেতৃত্বে একদল বিপথগামী সন্ত্রাসীরা তার পথরোধ করে অতর্কিত হামলা চালায়। অভিযুক্তদের মধ্যে রয়েছেন— শফিকুল ইসলাম খান ওরফে ইসরুল খান, খসরুল খান, মোহাম্মদ আবিদ সরদার। তারা সবাই গোপালগঞ্জ সদর উপজেলার বলাকৈড় গ্রামের বাসিন্দা বলে জানা গেছে। এছাড়া অজ্ঞাতনামা আরও ৭-৮ জন এহামলায় অংশ নেয়।আলমাস হাসান মোল্লা দাবি করেন, হামলাকারীরা ধারালো অস্ত্র ‘রামদা’ দিয়ে তার মাথায় কোপ দেয়। এ সময় তার সঙ্গে থাকা রিয়াজ মোল্লার হাত ভেঙে ফেলা হয় এবং তাকে হাতুড়ি দিয়ে মারধর করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তারা চিকিৎসাধীন রয়েছেন।এ বিষয়ে সংশ্লিষ্ট থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে বলে ভুক্তভোগী জানিয়েছেন। পুলিশ জানিয়েছে, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।