ফয়জুল ইসলাম লিমন,গোপালগঞ্জ জেলা প্রতিনিধি :উপজেলার সড়ক ও জনপথ (সওজ) বিভাগের কার্যালয়ের সামনে সড়ক পরিবহন আইন-২০১৮ অনুযায়ী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। সোমবার (২২ জুন) বিকেলে পরিচালিত এ অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে ৯টি মামলা দায়ের এবং মোট ১ হাজার ৯০০ টাকা জরিমানা আদায় করা হয়।অভিযান পরিচালনা করেন গোপালগঞ্জ জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এ, কে, এম ফয়জুল বারী এবং সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুহাম্মদ মামুনুর রশিদ।
ভ্রাম্যমাণ আদালত চলাকালে মোটরসাইকেল চালকদের ড্রাইভিং লাইসেন্স, রেজিস্ট্রেশনসহ প্রয়োজনীয় কাগজপত্র যাচাই করা হয়। পাশাপাশি হেলমেট ব্যবহার ও ট্রাফিক আইন মেনে চলার বিষয়ে সচেতনতামূলক পরামর্শ দেওয়া হয়। আইন লঙ্ঘনের ঘটনায় দায়ীদের বিরুদ্ধে তাৎক্ষণিক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়।এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেটরা বলেন, সড়ক দুর্ঘটনা প্রতিরোধে চালক ও আরোহী উভয়েরই মানসম্মত হেলমেট ব্যবহার নিশ্চিত করতে হবে। বৈধ ড্রাইভিং লাইসেন্স ছাড়া মোটরসাইকেল চালানো যাবে না। অতিরিক্ত গতি, ঝুঁকিপূর্ণ ওভারটেকিং এবং ট্রাফিক আইন অমান্য করা থেকে বিরত থাকার আহ্বান জানান তারা।ম্যাজিস্ট্রেটরা আরও বলেন, সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠা ও দুর্ঘটনা হ্রাসে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে। নিরাপদ সড়ক নিশ্চিত করতে সকলকে সড়ক পরিবহন আইন মেনে চলার আহ্বান জানান তারা।