গোপালগঞ্জ প্রতিনিধি : বিদেশে (দুবাই) পার্টনারশিপে লাভজনক ব্যবসার প্রলোভন দেখিয়ে প্রায় ৪০ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে এক নারীর বিরুদ্ধে এবার গোপালগঞ্জের সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী। অভিযোগে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎ, সালিশ বৈঠকে টাকা ফেরতের আশ্বাস দিয়েও তা বাস্তবায়ন না করা এবং পরে ভুক্তভোগীকে হুমকি-ধমকি দেওয়ার বিষয় উল্লেখ করা হয়েছে।
অভিযোগপত্রে বলা হয়েছে, অভিযুক্ত আয়েশা আক্তার রুমা বিদেশে ব্যবসায় অংশীদার করার আশ্বাস দিয়ে বিভিন্ন সময়ে ভুক্তভোগী ইকবাল হোসেনের কাছ থেকে ধাপে ধাপে মোট প্রায় ৪০ লাখ টাকা গ্রহণ করেন। অভিযোগ অনুযায়ী, ব্যবসার লাভ বা মূলধন ফেরত না দিয়ে দীর্ঘদিন ধরে নানা অজুহাতে সময়ক্ষেপণ করা হয়।
লিখিত অভিযোগে আরও উল্লেখ করা হয়েছে, বিষয়টি নিয়ে দীর্ঘদিন আলোচনা চলার পর স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে একটি সালিশ বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে অভিযুক্ত পক্ষের স্বজনরা ভুক্তভোগীর পাওনা অর্থের একটি অংশ ২৮ লাখ টাকা পরিশোধের বিষয়টি স্বীকার করেন এবং ফেরত দেওয়ার আশ্বাস দেন—এমন দাবি অভিযোগে করা হয়েছে। তবে অভিযোগ অনুযায়ী, সেই প্রতিশ্রুতিও পরে বাস্তবায়ন করা হয়নি।
ভুক্তভোগীর দাবি, বারবার টাকা ফেরত চাইলে অভিযুক্ত পক্ষ বিভিন্নভাবে টালবাহানা করতে থাকে। এমনকি পাওনা টাকা দাবি অব্যাহত রাখায় তাকে গালিগালাজ, ভয়ভীতি প্রদর্শন এবং প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে বলেও অভিযোগে উল্লেখ রয়েছে। এতে তিনি ও তার পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে অভিযোগে দাবি করা হয়েছে।
থানায় দাখিল করা অভিযোগে প্রতারণার ঘটনাটি তদন্ত করে আত্মসাৎ হওয়া অর্থ উদ্ধারে কার্যকর আইনগত ব্যবস্থা গ্রহণ, হুমকি-ধমকির তদন্ত এবং নিজের ও পরিবারের জীবন ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করার আবেদন জানানো হয়েছে।
অভিযোগের সঙ্গে ব্যাংক লেনদেনের তথ্য, চেকের ফটোকপি, সালিশ-সংক্রান্ত তথ্য, সংবাদ সম্মেলনের কপি এবং বিভিন্ন জাতীয় ও স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনসহ প্রাসঙ্গিক কাগজপত্র সংযুক্ত করা হয়েছে বলেও অভিযোগে উল্লেখ রয়েছে।এ বিষয়ে অভিযুক্ত আয়েশা আক্তার রুমার বক্তব্য এই প্রতিবেদনের জন্য পাওয়া যায়নি। তার বক্তব্য পাওয়া গেলে তা গুরুত্বের সঙ্গে প্রকাশ করা হবে।