আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘি থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ৬২ বোতল চোলাই মদসহ সুব্রত চন্দ্র (২১) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে। গতকাল বুধবার বিকেলে উপজেলার বড়-আখিড়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত সুব্রত চন্দ্র ওই গ্রামের রনজিতের ছেলে।
পুলিশ জানায়, বুধবার দুপুরে আদমদীঘি উপজেলার বড়-আখিড়া মন্ডলপাড়া গ্রামে রনজিত তার বাড়িতে বিপুল পরিমান মাদক মজুত রেখে বিক্রি করছে। এমন সংবাদের ভিত্তিতে আদমদীঘি থানার ওসি কামরুজ্জামান মিয়া নেতৃত্বে উপপরিদর্শক মনিরুজ্জামান সঙ্গীয় ফোর্স সহ ওই বাড়িতে অভিযান চালান। এ সময় তার বাড়ি থেকে ৬২ বোতলে সাড়ে ১৫ লিটার চোলাই মদ উদ্ধার সহ সুব্রতকে গ্রেফতার করা হয়। আদমদীঘি থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান মিয়া জানায়, এ ব্যাপারে থানায় মাদক আইনে সুব্রত চন্দ্র ও তার বাবাসহ দুই জনের নামে মামলা রুজু করা হয়। গতকাল বৃহস্পতিবার (১১ জুন) দুপুরে গ্রেফতারকৃত সুব্রতকে আদালতে পাঠানো হয়েছে।