মোংলা প্রতিনিধি : বর্তমানে যে হারে ফসিল গ্যাস উত্তোলন করা হচ্ছে তাতে বিশ্বের জলবায়ু লক্ষ্য অর্জনকে বাধাগ্রস্ত করছে। গ্লোবববাল সাউথের দ্রুত অর্থনৈতিক প্রবৃদ্ধির ফলে জ্বালানির চাহিদা বাড়ছে। জ্বালানির বাড়তি চাহিদার বিকল্প হিসেবে ফসিল গ্যাস ব্যবহার বন্ধ করতে হবে। ন্যায্য জ্বালানি রূপান্তর হিসেবে নবায়নযোগ্য জ্বালানিকে বেছে নিতে হবে। জীবাশ্ম জ্বালানির ব্যবহার বিষয়ে প্যারিস চুক্তির সাথে সামঞ্জস্যপূর্ণ নীতিমালা গ্রহণ করে জি-২০ ও কপ-৩০ সম্মেলনের সিদ্ধান্তে তা অন্তর্ভূক্ত করতে হবে। ১৯ নভেম্বর বুধবার সকালে মোংলার পশুর নদীতে বৈশ্বিক কর্মসুচির অংশ হিসেবে নৌবহর এর উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা একথা বলেন। বাংলাদেশসহ পৃথিবীব্যাপী ফসিল গ্যাসের বিস্তার বন্ধের দাবিতে এ নৌবহর অনুষ্ঠিত হয়। পরিবেশ ও জলবায়ু বিষয়ক জাতীয় সংগঠন ধরিত্রী রক্ষায় আমরা (ধরা), ওয়াটারকিপার্স বাংলাদেশ ও পশুর রিভার ওয়াটারকিপার এ নৌবহরের আয়োজন করে।
বুধবার সকাল ১০টায় পশুর নদীতে নৌবহর কর্মসুচির উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব ও প্রধান অতিথির বক্তব্য রাখেন পরিবেশযোদ্ধা পশুর রিভার ওয়াটারকিপার মোঃ নূর আলম শেখ। এ সময়ে অন্যান্যদের মধ্যে বক্তৃতা করেন মোংলা উপজেলা জেলে সমিতির সাধারণ সম্পাদক আব্দুর রশিদ হাওলাদার, ক্রীড়া সংগঠক মোহাম্মদ সেলিম হাওলাদার, বিডি ক্লিন’র আবু হাসান, পরিবেশ ও উন্নয়নকর্মী ফাতেমা জান্নাত, নারীনেত্রী মাসুদা পারভীন, পশুর রিভার ওয়াটারকিপার ভলান্টিয়ার মারুফ বিল্লাহ, পরিবেশকর্মী হাছিব সরদার, ইয়ুথ লিডার শেখ সিফাতুল্লাহ শুভ, মঈন গাজী, ডলার মোল্লা, মেহেদী হাসান প্রমূখ।