এম মনিরুজ্জামান হিরোন, বাউফল:
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে বাউফল উপজেলা শাখার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সমিতির আয়োজনে মানববন্ধন করা হয়েছে।
বাউফল উপজেলা পরিষদের সামনে অনুষ্ঠিত মঙ্গলবারের ওই কর্মসূচিতে উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কয়েক’শ সহকারী শিক্ষক অংশ নেয়।মানববন্ধনে শিক্ষক নেতারা অভিযোগ করে বলেন, একই যোগ্যতায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হয়েও তারা তৃতীয় শ্রেণির গ্রেডে বেতন পাচ্ছেন। অথচ তাদের সমান যোগ্যতায় অনেকেই ১০ম গ্রেডে বেতন পাচ্ছেন। এটা স্পষ্টতই একটা বড় বৈষম্য।
তাদের দাবি, উচ্চ মাধ্যমিক এবং ডিপ্লোমা পাসের যোগ্যতায় নার্সরা জাতীয় পে-স্কেলের ১০ম গ্রেড পাচ্ছেন। একইভাবে উচ্চ মাধ্যমিকসহ ৪ বছরের ডিপ্লোমা যোগ্যতায় উপ-সহকারী কৃষি কর্মকর্তারা ১০ম গ্রেড, পুলিশের এসআইরা স্নাতক যোগ্যতায় ১০ম গ্রেড এবং বিভিন্ন মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তারা একই শিক্ষাগত যোগ্যতায় ১০ম গ্রেড পাচ্ছেন।মানববন্ধনে শিক্ষক নেতারা আরও বলেন, ৯ বছর আগে ২০১৫ সালে সর্বশেষ যে জাতীয় পে-স্কেল ঘোষণা করা হয়েছিল। ওই পে-স্কেলেও প্রাথমিক শিক্ষকরা বৈষম্যের শিকার হয়। কিন্তু এই সময়ে যে হারে দ্রব্যমূল্য বেড়েছে, তাতে প্রাথমিক শিক্ষকরা সংসার চালাতে গিয়ে দিশেহারা হয়ে পড়ছেন।
সহকারী শিক্ষকদের বর্তমান বেতন হয় ১৩ তম গ্রেডে। সেটা ১০ম গ্রেডে উন্নীতের দাবিতে বেশ কয়েক মাস ধরে আন্দোলন করে আসছেন সহকারী শিক্ষকরা।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মো. কামরুজ্জামান ফিরোজ, সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন সাংগাঠনিক সম্পাদক মহিউদ্দিন সিকদার
সৈয়দ আরিফ হোসেন, মো. সহিদুল ইসলাম, মো. হেমায়েত উদ্দিন, তাসলিমা বেগম কচি, কুলসুম বেগম, মমতাজ বেগম, আঃ রহমান, প্রধান শিক্ষক মো. শেরেগুল খান প্রমুখ।
মানববন্ধন কর্মসূচি শেষে বাউফল উপজেলা শাখার সরকারি প্রাথমিক সহকারী শিক্ষক সমিতির সভাপতি মো. কামরুজ্জামান ফিরোজের নেতৃত্বে শিক্ষকদের একটি প্রতিনিধি দল উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবর একটি স্মারকলিপি জমা দিয়েছেন।