মোঃ শাহেদ উদ্দিন,হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি : নোয়াখালীর হাতিয়ায় সাধারণ মানুষের নদী পারাপারের সুবিধার্থে নলচিরা – চেয়ারম্যান ঘাট রুটে নতুন করে যুক্ত হয়েছে সিট্রাক’ এস.টি সাঙ্গু।
শনিবার (১ নভেম্বর) সকালে আনুষ্ঠানিক ভাবে এ সিট্রাকটি যাত্রী পরিবহন কার্যক্রম শুরু করে। এর আগে গতকাল বিকেলে দোয়া ও মোনাজাতের মাধ্যমে সিট্রাকটি উদ্বোধন করা হয়। নতুন সিট্রাকটি চালুর ফলে হাতিয়া মূল ভূখণ্ড ও চেয়ারম্যান ঘাট রুটের যাত্রীদের দীর্ঘদিনের ভোগান্তি কিছুটা লাঘব হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন স্থানীয়রা।
সিট্রাক কতৃপক্ষ জানান, নির্ধারিত সময় সূচি অনুযায়ী প্রথম ট্রিপে নলচিরা ঘাট থেকে সকাল ৯:০০ টায় ছাড়বে, এবং চেয়ারম্যান ঘাট থেকে সকাল ১০:৪৫ টায় যাত্রা শুরু করবে। দ্বিতীয় ট্রিপে নলচিরা ঘাট থেকে দুপুর ১২:৩০ টায় ছাড়বে এবং চেয়ারম্যান ঘাট থেকে বিকেল ৩:৩০ টায় ছেড়ে যাবে। তবে দ্বিতীয় ট্রিপ যাত্রীর উপর নির্ভর করবে।
সিট্রাক উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা যুবদলের আহ্বায়ক ইসমাইল হোসেন, পৌরসভা যুবদলের আহ্বায়ক মুমিন উল্লাহ রাসেল, পৌরসভা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব খন্দকার সোহেল, বিএনপি নেতা অলি উল্লাহ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও যাত্রীরা। উপস্থিত বক্তারা বলেন, নতুন এই সিট্রাকটি চালুর মাধ্যমে হাতিয়ার নলচিরা-চেয়ারম্যানঘাট রুটে যাত্রী ও পণ্য পরিবহনে নতুন গতি আসবে। একই সঙ্গে দ্বীপবাসীর সঙ্গে মূল ভূখণ্ডের যোগাযোগ আরও সহজ ও নিরাপদ হবে বলে আশা প্রকাশ করেন তারা।