এনামুল হক রাশেদী, চট্টগ্রাম: চট্টগ্রামের তৃণমূল ব্যবসায়ীদের প্রধান সমস্যা ভ্যাট ও ইনকাম ট্যাক্স- এমন মন্তব্য করেছেন চট্টগ্রাম চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রীজ নির্বাচনে সম্মিলিত ব্যবসায়ী পরিষদের প্যানেল লিডার এস. এম. নুরুল হক। সোমবার (২৭ অক্টোবর) নগরের পাঁচলাইশস্থ ‘কিং অব চিটাগাং’-এ আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
এস. এম. নুরুল হক বলেন, “প্রতিটি প্রতিষ্ঠানে ভ্যাট অফিস থেকে অযথা চাপ সৃষ্টি করা হয়। ইনকাম ট্যাক্স নিয়েও ব্যবসায়ীরা নানা জটিলতার মধ্যে পড়েন। যদি আমরা সুযোগ পাই, তাহলে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সদস্যকে চিটাগং চেম্বারে এনে ব্যবসায়ীদের সমস্যা তুলে ধরে তা সমাধানের উদ্যোগ নেব।তিনি আরও বলেন, “চট্টগ্রামের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে চিটাগং চেম্বারের অফিসে অনেক স্পেস খালি আছে। আমরা সেখানে একটি ডাটা অ্যানালাইসিস সেন্টার গড়ে তুলব, যাতে আমদানি-রপ্তানি, সাপ্লাই চেইন ও বাজার চাহিদার তথ্য সহজে পাওয়া যায়। পাশাপাশি একটি ফ্লোর এআই (আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স) রিসার্চের জন্য বরাদ্দ দেওয়া হবে, যাতে নতুন প্রজন্ম আধুনিক প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে কাজ করতে পারে।সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম ব্যবসায়ী পরিষদের আহ্বায়ক শাজাহান মহিউদ্দিন। তিনি বলেন, “চট্টগ্রাম দেশের বাণিজ্যের হৃদপিণ্ড। শিল্প, বন্দর, যোগাযোগ ও বিনিয়োগ খাতের উন্নয়ন দ্রুত হলে জাতীয় অর্থনীতির চেহারা বদলে যাবে।বিশেষ আলোচক এস. এম. ফজলুল হক বলেন, “চট্টগ্রাম দেশের রাজস্ব আয়ের মূল কেন্দ্র। অথচ এখানকার অবকাঠামো উন্নয়নে পর্যাপ্ত বিনিয়োগ নেই। বন্দর ও শিল্পখাতের আয় থেকে সরাসরি চট্টগ্রামের উন্নয়নে বরাদ্দ দেওয়া উচিত।সভায় বিজিএমইএ, বিকেএমইএ, সি অ্যান্ড এফ অ্যাসোসিয়েশন, খাতুনগঞ্জ, টেরিবাজার, তামাকুন্ডিলেইন, বৃহত্তর চকবাজার, জুবিলী রোড ও রিয়াজউদ্দিন বাজার ব্যবসায়ী সমিতিসহ বিভিন্ন সংগঠনের নেতারা বক্তব্য রাখেন।বক্তারা চট্টগ্রামের সার্বিক উন্নয়ন ও ব্যবসায়ীদের স্বার্থ রক্ষায় একটি ঐক্যবদ্ধ ব্যবসায়ী প্ল্যাটফর্ম গঠনের আহ্বান জানান।