প্রেস বিজ্ঞপ্তি : র্যাব- ৮ এবং র্যাব- ১০ এর সমন্বিত প্রচেষ্টায় ২৭ সেপ্টেম্বর ২০২৫ এ এক চাঞ্চল্যকর মোটরসাইকেল চুরি মামলার রহস্য উদঘাটন হয়েছে। চুরির ২৪ ঘন্টার মধ্যে র্যাব-৮ ও র্যাব-১০ একটি সফল অভিযান পরিচালনা করে চুরি যাওয়া মোটরসাইকেলটি সম্পূর্ণ খোলা অবস্থায় উদ্ধার করেছে এবং এই ঘটনার সঙ্গে জড়িত দুজনকে আটক করেছে। ঘটনার বিস্তারিত বিবরনে পাওয়া যায় গত ২৬/০৯/২০২৫ শুক্রবার, রাজবাড়ীর পাংশা মডেল মসজিদে নামাজ পড়তে গিয়ে মোঃ আতিকুর রহমান (কুতুব)-এর মালিকানাধীন SUZUKI GIXXER SF (রেজিস্ট্রেশন নং-ঢাকা মেট্রো ল-৬৫-৩২৭৩) মোটরসাইকেলটি চুরি হয়। যার আনুমানিক মূল্য ৩,৪০,০০০/- (তিন লক্ষ চল্লিশ হাজার) টাকা। তাৎক্ষণিকভাবে পাংশা থানায় একটি মামলা (মামলা নং- ২৩, তারিখ- ২৭ সেপ্টেম্বর ২০২৫, জিআর নং- ২১৪) দায়ের করা হয়।
মামলার তদন্তকারী অফিসারের অনুরোধ অনুযায়ী, দ্রুততম সময়ের মধ্যে র্যাব-৮ ও র্যাব ১০ তাদের গোয়েন্দা কার্যক্রম শুরু করে। তথ্যের ভিত্তিতে জানা যায়, অভিযুক্তরা দ্রুত মোটরসাইকেলটি খুলে যন্ত্রাংশগুলো বিক্রি করে দেওয়ার চেষ্টা করছে।পরবর্তীতে, আজ সন্ধ্যায় বরিশাল জেলার মাহিলারা বাস স্টপেজ থেকে চুরি ও চোরাই মাল কেনার সঙ্গে জড়িত মূল দুই অভিযুক্তকে র্যাব-৮ কতৃক আটক করা হয়। আটককৃতরা হলেন: মো: জহিরুল ইসলাম রনি এবং খোকন মন্ডল। অভিযুক্ত খোকন মন্ডলের দোকান থেকে চুরি হওয়া মোটরসাইকেলটি উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।