প্রেস বিজ্ঞপ্তি : মাদারীপুর জেলার সদর থানাধীন উত্তর ঝিকরহাটি গ্রামে যৌতুকের দাবিতে মারপিট করে স্বামী কর্তৃক স্ত্রীকে হত্যার ঘটনায় রুজুকৃত চাঞ্চল্যকর মামলার এজাহারনামীয় ১নং আসামী আলী আকবর হাওলাদারকে গ্রেফতার করেছে এসআরবি-৮, সিপিসি-৩, মাদারীপুর ক্যাম্প।এজাহার সূত্রে জানা যায় যে, অত্র মামলার বাদী মোঃ সজিব মোল্লা (২০), মাদারীপুর সদর থানায় হাজির হয়ে লিখিত অভিযোগ দায়ের করেন যে, তার বোন ভিকটিম সুমি আক্তার (২৪) এর সাথে প্রায় ২ বছর পূর্বে অভিযুক্ত আলী আকবর হাওলাদার এর বিবাহ হয়। উল্লেখিত অভিযুক্ত নেশাখোর হওয়ায় বিভিন্ন সময় যৌতুকের জন্য ভিকটিমকে শারীরিক ও মানসিক নির্যাতন করতো। গত ১৩ সেপ্টেম্বর ২০২৬ তারিখ রাত অনুমান ১৯.০০ ঘটিকার সময় ভিকটিম সুমি আক্তার বাদীকে ফোন করে জানান যে, অভিযুক্ত আলী আকবর হাওলাদার সহ অন্যান্য অভিযুক্তগণের যোগসাজসে যৌতুকের টাকার জন্য তাকে মারপিট করেছে এবং টাকা না দিলে তারা খুন করে ফেলবে। পরবর্তীতে ১৩ সেপ্টেম্বর ২০২৬ তারিখ রাত অনুমান ২৩.০০ ঘটিকার সময় ১নং আসামী আলী আকবর হাওলাদার বাদীকে ফোন করে জানান যে তার বোন গুরুতর অসুস্থ। এই সংবাদ পেয়ে বাদীসহ বাদীর মা রুনা বেগম এবং বড় বোন নাজমা বেগম ১৪ সেপ্টেম্বর ২০২৬ তারিখ ১২.৩০ ঘটিকার সময় অভিযুক্তের বাড়িতে উপস্থিত হয়ে দেখতে পান যে, ভিকটিম সুমি আক্তার বসত ঘরে মৃত অবস্থায় আছে এবং বাম পাশের থুতনির নিচে গভীর ছিলা দাগ এবং গলার ডান পাশে কালো দাগ রয়েছে। উপরোক্ত ঘটনার সংক্রান্তে মাদারীপুর সদর থানার মামলা নং-৫৯, তারিখঃ ১৫ সেপ্টেম্বর ২০২৬ খ্রিঃ, ধারা- নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ এর ১১(ক)/৩০ রুজু হয়। ঘটনাটি ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়া এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। মামলাটির গুরুত্ব বিবেচনায় নিয়ে এসআরবি-৮, সিপিসি-৩, মাদারীপুর ঘটনায় জড়িত আসামিদের গ্রেফতারের লক্ষে ছায়া তদন্ত শুরু করে এবং বিশ্বস্ত সোর্স নিয়োগ করে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্য প্রযুক্তির সহায়তায় এসআরবি-৮, সিপিসি-৩, মাদারীপুর এর একটি আভিযানিক দল উল্লেখিত মামলার এজাহারনামীয় ১নং আসামী আলী আকবর হাওলাদার (৩০), পিতা-ইরান হাওলাদার, সাং-উত্তর ঝিকরহাটি, থানা-মাদারীপুর সদর, জেলা- মাদারীপুর’কে ১৬ সেপ্টেম্বর ২০২৬ খ্রিঃ গভীর রাতে মাদারীপুর সদর থানাধীন পাঁচখোলা ইউনিয়নের পাঁচখোলা এলাকা হতে গ্রেফতার করে। গ্রেফতারকৃত অভিযুক্তকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য মাদারীপুর সদর থানায় হস্তান্তর করা হয়। চাঞ্চল্যকর মামলার অভিযুক্তদের গ্রেফতারে এসআরবি-৮, বরিশাল এর অভিযান অব্যাহত থাকবে।