হ্যাপী করিম, মহেশখালী : কক্সবাজারের মহেশখালী উপজেলার হোয়ানক ইউনিয়নের কালাগাজিরপাড়া এলাকায় চোরের ছুরিকাঘাতে শিল্পী রানী শীল নামে এক নারী নিহত হয়েছেন।সোমবার, ৭ ই সেপ্টেম্বর-২৬ ইং, রাত ৮টার দিকে রবীন্দ্রনাথ শীলের বাড়িতে চুরির উদ্দেশ্যে অজ্ঞাত এক ব্যক্তি প্রবেশ করে বলে জানা গেছে। এ সময় বাড়ির নারী সদস্য শিল্পী রানী শীল বিষয়টি টের পেয়ে ওই ব্যক্তিকে জড়িয়ে ধরে ‘চোর চোর’ বলে চিৎকার করতে থাকেন। একপর্যায়ে নিজেকে রক্ষা করতে ওই ব্যক্তি শিল্পী রানী শীলকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে তার স্বামী রবীন্দ্রনাথ শীলসহ স্থানীয়রা তাকে উদ্ধার করে চকরিয়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মহেশখালী থানার ওসি তদন্ত প্রতুল কুমার শীল জানান, খবর পেয়ে মহেশখালী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করছে, ঘটনা তদন্ত ও জড়িত ব্যক্তিকে শনাক্তের চেষ্টা চলছে বলেও জানান।