স্টাফ রিপোর্টার:কারা অধিদপ্তরের কারারক্ষী নং ১৩৬৬৫, সুজন মিয়া-এর বিরুদ্ধে ভুয়া ঠিকানা ব্যবহার করে চাকরিতে যোগদান, নিয়োগ ও বদলি বাণিজ্যসহ বিভিন্ন অনিয়মের গুরুতর অভিযোগ উঠেছে। অভিযোগে বলা হয়েছে, তিনি বর্তমানে ঢাকা বিশেষ কেন্দ্রীয় কারাগারে কর্মরত রয়েছেন।
অভিযোগকারীদের দাবি, চাকরিতে যোগদানের সময় তিনি প্রকৃত স্থায়ী ঠিকানা গোপন করে নারায়ণগঞ্জের ঠিকানা ব্যবহার করেন। অথচ তার প্রকৃত স্থায়ী ঠিকানা পাবনা/সিরাজগঞ্জ অঞ্চলে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ট নথিপত্র যাচাই করে প্রকৃত তথ্য উদঘাটনের দাবি জানিয়েছেন তারা।
অভিযোগে আরও বলা হয়েছে, গত প্রায় ১৭ বছর ধরে তিনি কারা অধিদপ্তরের বিভিন্ন অনিয়ম, নিয়োগ বাণিজ্য, বদলি বাণিজ্য এবং পোস্টিংয়ে প্রভাব বিস্তারের সঙ্গে জড়িত ছিলেন। এসব কর্মকাণ্ডের মাধ্যমে তিনি অবৈধ সুবিধা গ্রহণ করেছেন বলেও অভিযোগকারীদের দাবি।
স্থানীয় সূত্রের ভাষ্য অনুযায়ী, কিছুদিন আগে একটি ঘটনায় ডিবি পুলিশের নজরে আসেন সুজন মিয়া। তবে পরবর্তীতে কারা অধিদপ্তরের প্রভাবশালী কিছু ব্যক্তির সহযোগিতায় তিনি আইনি জটিলতা থেকে রেহাই পান বলে অভিযোগ উঠেছে। যদিও এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
অভিযোগকারীরা আরও দাবি করেন, বর্তমানে কর্মরত অবস্থাতেও তিনি নিয়োগ, বদলি ও পোস্টিং সংক্রান্ত বিভিন্ন তদবির ও আর্থিক লেনদেনের সঙ্গে জড়িত রয়েছেন। ফলে কারা প্রশাসনের স্বচ্ছতা ও সুশাসন প্রশ্নবিদ্ধ হচ্ছে বলে তাদের অভিযোগ।
এ বিষয়ে কারা অধিদপ্তর, দুর্নীতি দমন কমিশন (দুদক) এবং সংশ্লিষ্ট তদন্তকারী সংস্থার কাছে নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন অভিযোগকারীরা। তারা বলেন, অভিযোগের সত্যতা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করলে কারা প্রশাসনের প্রতি সাধারণ মানুষের আস্থা আরও সুদৃঢ় হবে।
উল্লেখ্য, উপরে বর্ণিত বিষয়গুলো অভিযোগের ভিত্তিতে উপস্থাপন করা হয়েছে। অভিযুক্ত ব্যক্তি বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া গেলে সংবাদে তা যথাযথভাবে সংযোজন করা হবে।