নিজস্ব প্রতিবেদক, ভোলা : ভোলার বোরহানউদ্দিনে পৃথক অভিযানে ইয়াবা ও গাঁজাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে ১২টি ইয়াবা ট্যাবলেট, ১০ গ্রাম গাঁজা ও মাদক বিক্রির ৪ হাজার ৫০০ টাকা জব্দ করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে একজনকে মাদক ব্যবসার সহযোগীএবং অপর দুজনকে মাদক ব্যবসায়ী হিসেবে উল্লেখ করেছে পুলিশ।
থানা পুলিশ জানায়, শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাত ১০টা ১০ মিনিটের দিকে বোরহানউদ্দিন থানার এসআই মো. জুয়েল শেখ সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে উপজেলার কুতুবা ইউনিয়নের ছাগলা এলাকার ৯ নম্বর ওয়ার্ডে সবুজের চায়ের দোকানের সামনে অভিযান চালান। এ সময় সোহাগ (১৯) নামের এক যুবককে ১০ গ্রাম গাঁজা ও দুইটি ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করা হয়। তিনি বোরহানউদ্দিন উপজেলার টবগী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।
এর আগে একই দিন গভীর রাতে বড় মানিকা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বড় মানিকা বাজারে মেসার্স মা-বাবার দোয়া ফার্নিচার দোকানের সামনে অভিযান চালায় পুলিশ। রাত ১টা ৩০ মিনিটের দিকে পরিচালিত ওই অভিযানে ১০টি ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির ৪ হাজার ৫০০ টাকা জব্দ করা হয়। এ ঘটনায় বাবুল গাজী (৩৪) ও ইলিয়াছ (২২) নামে দুজনকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, গ্রেপ্তার বাবুল গাজী দৌলতখান উপজেলার পশ্চিম জয়নগর এলাকার বাসিন্দা এবং ইলিয়াছ দক্ষিণ জয়নগর এলাকার বাসিন্দা।বোরহানউদ্দিন থানার অফিসার্স ইনচার্জ (ওসি) বলেন, গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক নিয়মিত মামলা করা হয়েছে। এর মধ্যে বাবুল গাজী ও ইলিয়াছের বিরুদ্ধে মামলা রুজু হয়েছে এবং সোহাগের বিরুদ্ধে মামলা রুজুর প্রক্রিয়া চলছে।
ওসি মনির আরো বলেন পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছার,এর নির্দেশনায় মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে।