আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষ্যে বিএনপির সমাবেশের কার্যক্রম সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে শুরু হয়েছে। জনপ্রিয় চিত্রনায়ক জাসাস কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির আহ্বায়ক হেলাল খানের নেতৃত্বে বিএনপির সাংস্কৃতিক সংগঠন জাসাসের নেতাকর্মীরা দলীয় সংগীত ‘প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ, বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ’ গানসহ বিভিন্ন দেশাত্মবোধক গান পরিবেশ করেছেন। বেলা ১১টার দিকে শুরু হয় এই অনুষ্ঠান। দুপুর আড়াইটায় সমাবেশের মূল কার্যক্রম শুরু হয়েছে । সমাবেশ মঞ্চের পেছনে ডিজিটাল ডিসপ্লে লাগানো হয়েছে। সেখানে শোভা পাচ্ছে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান, চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবি। এদিকে সমাবেশকে কেন্দ্র করে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশস্থলে জড়ো হচ্ছেন বিএনপির ও দলটির বিভিন্ন অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। তাদের হাতে দেখা গেছে বাংলাদেশ ও দলের পতাকা। গত ১৫ সেপ্টেম্বর এ সমাবেশ করার কথা ছিল বিএনপির। কিন্তু ওই দিন বৈরী আবহাওয়ার কারণে তা পিছিয়ে মঙ্গলবার করা হয়েছে । সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রেখেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আর সভাপতিত্ব করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়া সমাবেশে দলের স্থায়ী কমিটির নেতারাও বক্তব্য রাখেন ।