গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় এনসিপির যুগ্ম সমন্বয়কারী মো. আহসানুল হক স্বাধীনের পদ স্থগিতের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সংগঠনের নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীরা।
শুক্রবার বিকেল সাড়ে চারটার দিকে ফুলছড়ি উপজেলার কালির বাজারের বটতলা থেকে মিছিলটি শুরু হয়ে উপজেলা পরিষদ ঘুরে একই স্থানে এসে শেষ হয়। এতে অংশ নেন উপজেলা ও জেলা পর্যায়ের এনসিপি এবং শ্রমিক উইংয়ের নেতাকর্মীরা।
বিক্ষোভে নেতৃত্ব দেন উপজেলা এনসিপির সদস্য শাকিল আহমেদ, গাইবান্ধা জেলা শ্রমিক উইংয়ের যুগ্ম সমন্বয়কারী মিম হাসান এবং উপজেলা সদস্য সাইফুল ইসলাম।
সমাবেশে বক্তব্য দেন এনসিপি সদস্য শাকিল আহমেদ, শিমুল হোসেন সাওন, মিম হাসান, আলিফ বিন সম্রাট, মাহাবুব রহমান, লাল মিয়া, আইয়ুব আলী, রিমন ও মাজু প্রমুখ। বক্তারা অভিযোগ করেন, আহসানুল হক স্বাধীনের বিরুদ্ধে আনা অভিযোগগুলো ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। তাঁরা দ্রুত তাঁর পদ পুনর্বহালের দাবি জানান।
সম্প্রতি এনসিপির জেলা কমিটির সিদ্ধান্তে মো. আহসানুল হক স্বাধীনের পদ স্থগিত করা হয়। কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে—সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাঁর বিরুদ্ধে তিন সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়। তবে কমিটির চূড়ান্ত সিদ্ধান্তের আগেই ৭ নভেম্বর ফুলছড়ি উপজেলা কমিটির দপ্তর সম্পাদক ফজলে রাব্বি শাওন স্বাক্ষরিত এক পত্রে আহসানুল হক স্বাধীনের পদ স্থগিতের ঘোষণা দেওয়া হয়। ওই চিঠিতে তাঁর বিরুদ্ধে চাঁদাবাজি, মাদক সেবন, উপজেলা দপ্তরের কর্মকর্তাদের হয়রানি ও দলের সিনিয়র নেতাদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগ আনা হয়েছে।তবে তাঁর সমর্থকদের দাবি, এসব অভিযোগ রাজনৈতিক উদ্দেশ্যে প্রণোদিত এবং কোনো যাচাই-বাছাই ছাড়াই পদ স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাঁরা আরও বলেন, যদি এসব অভিযোগ সত্যি হয়ে থাকে, তাহলে কমিটির অন্য সদস্যরাও দায় এড়াতে পারেন না, কারণ তারা সবাই সংগঠনের কার্যক্রমে আহসানুল হক স্বাধীনের সঙ্গে প্রত্যক্ষভাবে যুক্ত ছিলেন।বিক্ষোভ শেষে নেতাকর্মীরা আহসানুল হক স্বাধীনের দ্রুত পুনর্বহালের দাবিতে স্লোগান দেন এবং কেন্দ্রীয় নেতৃত্বের কাছে ন্যায়বিচারের আহ্বান জানান।