প্রেস বিজ্ঞপ্তি : র্যাব প্রতিষ্ঠালগ্ন থেকেই খুন, ধর্ষন, ডাকাতি, সন্ত্রাসী, চাঁদাবাজি, মজুতদারি, মাদকসহ বিভিন্ন অপরাধে জড়িতদের গ্রেফতারে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। গোয়েন্দা নজরদারী ও আভিযানিক কার্যক্রমের ধারাবাহিকতায় এ ধরনের অপরাধ নিয়ন্ত্রণে র্যাব ইতিমধ্যেই বিশেষ সফলতা অর্জনে সক্ষম হয়েছে। তারই ধারাবাহিকতায়, র্যাব-৮, সদর কোম্পানী, বরিশাল এবং র্যাব-১১, সিপিএসসি, নারায়ণগঞ্জ এর একটি যৌথ আভিযানিক দল ১১ জুলাই ২০২৬ তারিখ নারায়নণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানাধীন চিটাগাং রোড এলাকায় অভিযান পরিচালনা করে বরিশালের মেহেন্দীগঞ্জ থানার চাঞ্চল্যকর মাহবুব হত্যা মামলার অন্যতম মূলহোতা মোঃ মিরাজ পোদ্দার (৩৫), পিতা- শাহজাহান পোদ্দার, সাং- সাদেকপুর, ০৫ নং ওয়ার্ড, মেহেন্দীগঞ্জ সদর ইউপি, থানা- মেহেন্দীগঞ্জ, জেলা- বরিশাল’কে গ্রেফতার করতে সক্ষম হয়। মামলার এজাহারের বিবরণে জানা যায়, গত ১৮ জুন ২০২৬ তারিখ গ্রেফতারকৃত অভিযুক্ত মোঃ মিরাজ পোদ্দার’সহ অন্যান্য অভিযুক্তরা পরস্পর যোগসাজশে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে ভিকটিম মাহবুব আলম রাডী (২৯)’কে মেহেন্দীগঞ্জ থানাধীন পশ্চিম সাদেকপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে ভিকটিমের ভোগ দখলীয় জমিতে দোকানঘর উত্তোলনের সময় দোকানের খুটি উঠিয়ে ফেলে দোকানঘর উত্তোলনে বাধা দেয়। এরই ধারাবাহিকতায়, গত ২৩ জুন ২০২৬ তারিখ সন্ধ্যা অনুমান ০৭:৩০ ঘটিকার সময় মেহেন্দীগঞ্জ থানাধীন চুনারচর ০৮ নং ওয়ার্ডস্থ আক্তার পোদ্দারের দোকানের সামনে পূর্বপরিকল্পিতভাবে খুন করার উদ্দেশ্যে লোহার রড, হাতুড়ী, কাঠের লাঠিসোটা ইত্যাদি দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে গ্রেফতারকৃত অভিযুক্তসহ অন্যান্য অভিযুক্তরা মিলে এক দলবদ্ধ হয়ে এলোপাতাড়িভাবে আক্রমণ করে। সেখানে অভিযুক্তরা ভিকটিমকে খুন করার উদ্দেশ্যে তাদের হাতে থাকা লোহার রড দিয়ে ভিকটিমের মাথায় আঘাত করে গুরুতর রক্তাক্ত জখম করে। ঘটনাস্থলে উপস্থিত লোকজনের ডাকচিৎকারে ভিকটিমের পিতা সহ অন্যান্যরা এগিয়ে আসলে অভিযুক্তরা পালিয়ে যায়। অতঃপর উপস্থিত লোকজনের সহায়তায় ভিকটিমকে মেহেন্দীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরী বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার ভিকটিমের অবস্থা আশঙ্কাজনক দেকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। সেখানে জরুরী বিভাগে ভর্তি করানো হলে ভিকটিমের অবস্থা আরো অবনতি হওয়ায় কর্তব্যরত ডাক্তার ভিকটিমকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। ভিকটিমকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে গত ২৪ জুন ২০২৬ তারিখে সকাল ০৬:১৫ ঘটিকার সময় ভিকটিম মাহবুব আলম রাডী (২৯) কে মৃত ঘোষনা করেন। উক্ত ঘটনায় ভিকটিমের মা বাদী হয়ে বরিশালের মেহেন্দীগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। উক্ত হত্যাকান্ডের পর থেকেই র্যাব-৮, সদর কোম্পানী, বরিশাল ঘটনার ছায়া তদন্ত শুরু করে। অপরাধী অত্যন্ত চতুরতার সাথে এলাকা ত্যাগ করে আত্মগোপনে চলে যায় এবং তার অবস্থান পরিবর্তনের মাধ্যমে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বিভ্রান্ত করার চেষ্টা করে। কিন্তু র্যাব-৮, বরিশাল সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এবং তথ্য প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করে অভিযুক্তকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত অভিযুক্তকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য নারায়নগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।