চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ঃ চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে একটি ব্যাটারি চালিত ভ্যানে ডাকাতির অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার (১১ মার্চ) রাত ৯টার দিকে জেলার গোমস্তাপুর উপজেলার রহনপুর-আড্ডা আঞ্চলিক সড়কের নজরপুর এলাকায় এই ঘটনা ঘটে। এ সময় ভ্যানের যাত্রীদেরকে গাছের সাথে বেঁধে ডাকাতির অভিযোগ পাওয়া গেছে।এ বিষয়ে ভূক্তভোগীদের সাথে কথা বলে জানা গেছে, গোমস্তাপুর উপজেলার পার্বতীপুর ইউনিয়নের পশ্চিম জগৎ গ্রামে একটি বিয়ের দাওয়াত শেষ করে ব্যাটারি চালিত ভ্যানে বাড়ি ফিরছিলেন তারা। এ সময় নাচোল উপজেলার আঝইর এলাকা দিয়ে নজরপুর বাজারে পৌঁছিলে নজরপুর বাজারের পাশে অন্ধকারে ওঁত পেতে থাকা ৯ থেকে ১০ জনের সংঘবদ্ধ একটি ডাকাত দল হাঁসুয়া, কাতাসহ দেশীয় ধারালো অস্ত্রের মুখে অটোভ্যানটি থামায়। পরে তাদের গাছের সাথে বেঁধে তাদের কাছে থাকা নগদ টাকা, মোবাইল ফোন, সোনার গয়না জোড় করে ছিনিয়ে নেয়। এ সময় অটোভ্যানটি ছিনতাই করে দ্রæত ঘটনাস্থল ত্যাগ করে পালিয়ে যায় ডাকাতরা।গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রইস উদ্দিন জানান, ঘটনার পরপরই প্রথমে স্থানীয়রা জানতে পেরে যাত্রীদের উদ্ধার করে। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আর পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শণ করেছেন। ডাকাতদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। তবে এ ঘটনায় কোন হতাহতের খবর পাওয়া যায়নি।তবে পুলিশ সুপার রেজাউল করিম এটিকে ডাকাতির ঘটনা নয় উল্লেখ করে বলেন, কিছু কিশোর গ্যাং সদস্যদের ছিনতাইয়ের ঘটনা এটি। অভিযুক্তদের শনাক্ত করে ধরতে পুলিশের অভিযান চলছে বলেও তিনি জানিয়েছেন।