মোঃ ফয়জুল ইসলাম লিমন ,গোপালগঞ্জ জেলা প্রতিনিধি :গোপালগঞ্জে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও শান্তিপূর্ণ রাখতে সেনাবাহিনীর বিশেষ টহল ও নিরাপত্তা কার্যক্রম জোরদার করা হয়েছে। এ লক্ষ্যে যশোর সেনানিবাস থেকে ২ জন কর্মকর্তা ও ১৬৯ জন অন্যান্য পদবীর (ওআর) সেনাসদস্যসহ মোট ১৭১ জন সদস্যের একটি দল গোপালগঞ্জে মোতায়েন করা হয়েছে।
রবিবার (২২ জুন) বিকেল ৪টায় মেজর এ কে এম মাসুদ রানার নেতৃত্বে সেনাবাহিনীর দলটি যশোর সেনানিবাস থেকে গোপালগঞ্জের উদ্দেশ্যে রওনা দেয়। পরে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তারা গোপালগঞ্জে পৌঁছে সদর উপজেলার গোপালগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে অস্থায়ী ক্যাম্প স্থাপন করে দায়িত্ব গ্রহণ করে।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জেলার সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় সেনাবাহিনীর সদস্যরা মাঠ পর্যায়ে দায়িত্ব পালন করবেন।
এদিকে জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে আইন-শৃঙ্খলা রক্ষায় জেলা পুলিশের সদস্যদেরও সক্রিয় ভূমিকা পালন করতে দেখা গেছে। নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ ও সেনাবাহিনী সমন্বিতভাবে দায়িত্ব পালন করছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
স্থানীয় বাসিন্দারা আশা প্রকাশ করেছেন, আইন-শৃঙ্খলা বাহিনীর এই তৎপরতায় জেলার সার্বিক পরিস্থিতি আরও স্থিতিশীল ও নিরাপদ থাকবে।