প্রেস বিজ্ঞপ্তি : শিক্ষার্থীদের নৈতিক অবক্ষয় রোধ, কিশোর অপরাধ দমন, সাইবার অপরাধ এবং মাদকের কুফল সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বরিশাল জিলা স্কুলে এক বিশেষ সেমিনার অনুষ্ঠিত হয়েছে। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-৮, বরিশাল এর উদ্যোগে এই সচেতনতামূলক সভার আয়োজন করা হয়। সেমিনারে বিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী, শিক্ষক এবং বিপুল সংখ্যক অভিভাবক অংশ নেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন র্যাব-৮ এর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বরিশাল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং বরিশাল জিলা স্কুলের প্রধান শিক্ষক।সেমিনারে বক্তারা বর্তমান সময়ে কিশোর অপরাধ বৃদ্ধি, সামাজিক যোগাযোগ মাধ্যমের অপব্যবহার, সাইবার অপরাধ এবং মাদকের ভয়াবহতা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। র্যাব কর্মকর্তাবৃন্দ শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, কিশোর বয়সের আবেগ ও কৌতূহলকে নিয়ন্ত্রণ করে পড়াশোনা এবং খেলাধুলায় মনোযোগী হতে হবে। কোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড বা সন্দেহভাজন গ্যাং কালচারের আভাস পেলে তাৎক্ষণিক শিক্ষক বা আইনশৃঙ্খলা বাহিনীকে জানানোর আহ্বান জানানো হয়। অভিভাবকদের উদ্দেশ্যে বক্তারা বলেন, সন্তানদের সঠিক নৈতিক শিক্ষা প্রদান, ধর্মীয় অনুশাসন মেনে চলা এবং তারা কার সাথে মিশছে বা অবসর সময় কীভাবে পার করছে, সেদিকে কঠোর নজরদারি করতে হবে। ছাত্র-ছাত্রীদের সুনাগরিক হিসাবে গড়ে তোলার ওপর জোর দেন আলোচকেরা।প্রধান শিক্ষক তার বক্তব্যে এই সময়োপযোগী আয়োজনের জন্য র্যাব-৮’কে ধন্যবাদ জানান এবং শিক্ষার্থীদের নিয়মিত কাউন্সিলিং করার প্রতিশ্রুতি দেন। সেমিনারের শেষ র্যাব-৮, বরিশাল এর পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন ধরনের খেলাধুলা সামগ্রী বিতরণ করা হয়।