মোঃ ফয়জুল ইসলাম লিমন, গোপালগঞ্জ প্রতিনিধি:
সাংবাদিকদের বিরুদ্ধে দায়ের করা কথিত মিথ্যা ও হয়রানিমূলক মামলা প্রত্যাহার, শেখ তুহিনের বিরুদ্ধে ওঠা অভিযোগের সুষ্ঠু তদন্ত এবং তাকে দ্রুত গ্রেপ্তারের দাবিতে গোপালগঞ্জে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। একই সঙ্গে শেখ তুহিনের নামে-বেনামে অর্জিত সম্পদের উৎস অনুসন্ধানে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মাধ্যমে নিরপেক্ষ তদন্তের দাবি জানান বক্তারা।
বুধবার দুপুরে গোপালগঞ্জ প্রেসক্লাবের সামনে প্রেসক্লাব, গোপালগঞ্জের উদ্যোগে আয়োজিত এ মানববন্ধনে জেলার বিভিন্ন গণমাধ্যমকর্মী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তারা বলেন, স্বাধীন সাংবাদিকতা ও সত্য প্রকাশের পথ রুদ্ধ করতে সাংবাদিকদের বিরুদ্ধে পরিকল্পিতভাবে মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত মামলা দায়ের করা হচ্ছে। এ ধরনের কর্মকাণ্ড শুধু সাংবাদিক সমাজকেই নয়, গণতন্ত্র, মতপ্রকাশের স্বাধীনতা এবং সংবাদমাধ্যমের স্বাভাবিক কার্যক্রমকেও হুমকির মুখে ফেলছে।
বক্তারা আরও বলেন, শেখ তুহিনের বিপুল পরিমাণ সম্পদ অর্জনের বিষয়ে জনমনে নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে। এসব সম্পদের উৎস ও বৈধতা যাচাইয়ে দুদকের মাধ্যমে স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্ত প্রয়োজন। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে তার বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণেরও দাবি জানান তারা।
বক্তারা বলেন, “সত্য ও ন্যায়ের পক্ষে সাংবাদিক সমাজ সবসময় ঐক্যবদ্ধ। মিথ্যা মামলা দিয়ে সাংবাদিকদের কণ্ঠরোধ করা যাবে না। সাংবাদিকদের হয়রানি বন্ধ এবং দায়ীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে হবে।”মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা বিভিন্ন স্লোগানের মাধ্যমে তাদের দাবির প্রতি সংহতি প্রকাশ করেন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আরমান খান জয়। এতে বক্তব্য দেন মো. জুবায়ের হোসেন, শৈলেন্দ্রনাথ মজুমদার, আরিফুল হক আরিফ, মামুনুর রশিদ জুয়েল, পলাশ শিকদার, আরিফুল রশিদ, মেহেদী হাসান, মো. শিহাব উদ্দিন ও বিশ্বজিৎ চন্দ্র সরকার।