প্রেস বিজ্ঞপ্তি : র্যাব প্রতিষ্ঠালগ্ন থেকেই রাষ্ট্রীয় সম্পত্তি রক্ষা, চোরাচালান, মজুদদার, বিভিন্ন অসাধু ব্যবসায়ী ও প্রতারকচক্রসহ বিভিন্ন অপরাধীদের গ্রেপ্তারে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। গোয়েন্দা নজরদারী ও আভিযানিক কার্যক্রমের ধারাবাহিকতায় এ ধরণের অপরাধ নিয়ন্ত্রণে র্যাব ইতিমধ্যেই বিশেষ সফলতা অর্জনে সক্ষম হয়েছে। বর্তমানে কিছু অসাধু ব্যবসায়ী দেশের বিভিন্ন এলাকায় জাটকা আহরণ করে বাজারজাত করে আসছে, ইলিশ এর প্রজনন, সংরক্ষণ ও বিপননে ক্ষতি সাধিত হচ্ছে। এরই প্রেক্ষিতে, র্যাব-৮, বরিশাল গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করেছে ও নিয়মিত অভিযান পরিচালনা করছে। র্যাব-৮, বরিশাল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে , বরিশাল জেলার কোতয়ালি থানার দপদপিয়া টোল প্লাজা এলাকায় বিপুল পরিমাণ জাটকা বিক্রয়ের উদ্দেশ্যে পাচার করা হচ্ছে । উক্ত সংবাদের ভিত্তিতে র্যাব-৮, বরিশালের সদর কোম্পানী ও জেলা মৎস্য কর্মকর্তা, মৎস্য অধিদপ্তর,বরিশাল এর একটি দল যৌথ অভিযান পরিচালনা করে ১৪ মার্চ ২০২৫ ইং সময় আনুমানিক ০০.৩০ ঘটিকার সময় বরিশালের কোতয়ালী থানাধীন দপদপিয়া টোল প্লাজা এলাকায় একটি যাত্রীবাহী বাস ও পিকআপ থেকে ১০০০ কেজি জাটকা ইলিশ জব্দ করে। পরবর্তীতে, মৎস্য অধিদপ্তরের ব্যবস্থাপনায় জব্দকৃত জাটকা ইলিশ স্থানীয় এতিমখানা ও অসহায়দের মাঝে বিতরণ করা হয়। ভবিষ্যতেও র্যাব-৮ এর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।