ফয়জুল ইসলাম লিমন,গোপালগঞ্জ প্রতিনিধি :গোপালগঞ্জ সদর উপজেলার মধুমতি নদী থেকে নাফিস আশরাফ (২১) নামে এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। দুই দিন ধরে নিখোঁজ থাকার পর শুক্রবার বিকেলে তার মরদেহ উদ্ধারের ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। পরিবার, স্বজন ও সহপাঠীদের মাঝে নেমে এসেছে গভীর বেদনার আবহ।
নিহত নাফিস আশরাফ গোপালগঞ্জ সদর উপজেলার ঘোষেরচর ইসলামপাড়া এলাকার আশরাফুল ইসলাম শরীফের ছেলে। তিনি ঢাকার গ্রীন ইউনিভার্সিটির আইন বিভাগের শিক্ষার্থী ছিলেন।স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় দুই দিন আগে রাতের বেলা কাউকে কিছু না জানিয়ে বাড়ি থেকে বের হয়ে যান নাফিস। এরপর থেকে পরিবারের সদস্যরা সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। নিখোঁজের ঘটনায় পরিবারের সদস্যরা চরম উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছিলেন।শুক্রবার বিকেলে সদর উপজেলার গোবরা চৌধুরীপাড়া এলাকায় মধুমতি নদীতে একটি মরদেহ ভাসতে দেখে স্থানীয় লোকজন দ্রুত গোপালগঞ্জ সদর থানা পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে মরদেহটি উদ্ধার করে।
গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে নিহতের পরিবারের সদস্যরা ঘটনাস্থলে এসে মরদেহটি নাফিস আশরাফের বলে শনাক্ত করেন।
তিনি আরও জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট গোপালগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে।
নাফিসের আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনরা ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে মৃত্যুর প্রকৃত রহস্য উদ্ঘাটনের দাবি জানিয়েছেন।