গোপালগঞ্জ প্রতিনিধি:মোঃ ফয়জুল ইসলাম লিমন : গোপালগঞ্জ সদর উপজেলার পাটকেলবাড়ী এলাকায় অভিযান চালিয়ে ১৪০ লিটার রেক্টিফায়েড স্পিরিটসহ প্রদীপ মণ্ডল (৪২) নামে এক কথিত মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
বুধবার (১ জুলাই) রাত প্রায় ১০টার দিকে গোপালগঞ্জ সদর উপজেলার পাটকেলবাড়ী এলাকায় পরিচালিত বিশেষ অভিযানে তাকে আটক করা হয়। এ সময় তার হেফাজত থেকে ১৪০ লিটার রেক্টিফায়েড স্পিরিট জব্দ করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে প্রদীপ মণ্ডলকে আটক করা হয়। উদ্ধারকৃত রেক্টিফায়েড স্পিরিট অবৈধভাবে সংরক্ষণ ও মাদক হিসেবে ব্যবহারের উদ্দেশ্যে রাখা হয়েছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পাশাপাশি তিনি এ ধরনের কর্মকাণ্ডের সঙ্গে আর কারা জড়িত রয়েছেন, সে বিষয়েও তদন্ত অব্যাহত রয়েছে।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, মাদক নির্মূল ও মাদক কারবারিদের বিরুদ্ধে তাদের নিয়মিত অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।