গোপালগঞ্জ প্রতিনিধি:চিকিৎসা বর্জ্য পৃথকীকরণ ও সংরক্ষণে বিধিমালা লঙ্ঘনের দায়ে গোপালগঞ্জের দুইটি ডায়াগনস্টিক সেন্টারকে মোট ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।বুধবার (১০ জুন) সন্ধ্যা ৬টার দিকে গোপালগঞ্জ মেডিকেল কলেজ রোড এলাকায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এ, কে, এম, ফয়জুল বারীর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে গোপালগঞ্জ আনসার ব্যাটালিয়ন ও পরিবেশ অধিদপ্তর, গোপালগঞ্জ জেলা কার্যালয়ের সমন্বয়ে গঠিত একটি টিম অংশ নেয়।
অভিযানকালে দেখা যায়, প্রতিষ্ঠান দুটি চিকিৎসা-বর্জ্য (ব্যবস্থাপনা ও প্রক্রিয়াজাতকরণ) বিধিমালা, ২০০৮-এর বিধি ৭(২) অনুযায়ী চিকিৎসা বর্জ্য উৎপাদনের স্থানেই ঢাকনাযুক্ত পৃথক পাত্রে বর্জ্য সংরক্ষণ এবং নির্ধারিত নিয়মে লেবেলিংয়ের বাধ্যবাধকতা পালন করেননি। এর ফলে চিকিৎসা বর্জ্যের নিরাপদ ব্যবস্থাপনা ব্যাহত হওয়ার পাশাপাশি জনস্বাস্থ্য ও পরিবেশ দূষণের ঝুঁকি তৈরি হচ্ছিল।
এ অপরাধে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত-২০১০) এবং চিকিৎসা-বর্জ্য (ব্যবস্থাপনা ও প্রক্রিয়াজাতকরণ) বিধিমালা, ২০০৮ অনুযায়ী মা ডায়াগনস্টিক সেন্টার ও নিউ স্কয়ার ডায়াগনস্টিক সেন্টারকে পৃথকভাবে ৫ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।ভ্রাম্যমাণ আদালতে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর, গোপালগঞ্জ জেলা কার্যালয়ের পরিদর্শক মনিরুজ্জামান শেখ।
পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলোতে চিকিৎসা বর্জ্যের নিরাপদ পৃথকীকরণ, সংরক্ষণ ও ব্যবস্থাপনা নিশ্চিত করতে এ ধরনের ভ্রাম্যমাণ আদালত ও তদারকি কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে। কর্তৃপক্ষের মতে, পরিবেশ ও জনস্বাস্থ্য সুরক্ষায় চিকিৎসা বর্জ্য ব্যবস্থাপনা বিধিমালার যথাযথ বাস্তবায়নের কোনো বিকল্প নেই।